আশা দেখিয়ে ফিরলেন জাকির, মুশফিকের সঙ্গী সাকিব
স্কোর: বাংলাদেশ ৭৪/৪
স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিপক্ষে বেশ সাবলীল ছিলেন অভিষিক্ত জাকির হাসান। পেসারদের বিপক্ষেও দেখেশুনে খেলে থিতু হয়ে গিয়েছিলেন। টেস্ট অঙ্গনে শুরুটা একদমই খারাপ ছিল না বাঁহাতি ওপেনারের। কিন্তু লম্বা ইনিংস খেলতে পারলেন না।
২০ রানে শেষ তার অভিষিক্ত ইনিংস। নিজের ভুলেই ফিরেছেন ড্রেসিংরুমে। পেসার সিরাজ বল বাঁহাতি ব্যাটসম্যানের থেকে বের করে নিতে রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করছিলেন। যেই পরিকল্পনা সেই কাজ। একটু সুইং ডেলিভারীতে খোঁচা মারতে গিয়ে জাকির ক্যাচ দেন উইকেটের পেছনে। ৪৫ বলে ৩ বাউন্ডারিতে তার ২০ রানের ইনিংসটি থেমে যায় সেখানেই।
নিচু হওয়া বলে বোল্ড লিটন
মোহাম্মদ সিরাজ কথার লড়াইয়ে লিটনকে তেতিয়ে দিচ্ছিলেন। তাতে সফল ডানহাতি পেসার। পেসারের কথার লড়াইয়ে পাল্টা জবাব লিটন ঠিকই দিয়েছেন। কিন্তু উইকেট আগলে রাখতে পারেননি।
সিরাজের একটু নিচু হওয়া বল লিটনের ব্যাটের নিচে লেগে আঘাত করে স্টাম্পে। বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। ৩০ বলে ৫ বাউন্ডারিতে লিটনের ২৪ রানের প্রতিশ্রুতিশীল ইনিংসটি থেমে যায় সেখানেই।
২ উইকেটে ৩৭ রানে চা বিরতিতে বাংলাদেশ
৪০৪ রানের জবাবে ভারতের বিপক্ষে প্রথম ইনিংস খেলতে নেমে বিপদে বাংলাদেশ। চা বিরতির আগে ১০ ওভার খেলেছে তারা। রান ২ উইকেটে ৩৭।
চতুর্থ ওভারের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম বলে নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক মারেন। চতুর্থ ওভারে ইয়াসির আলীকে ফেরান উমেশ যাদব। অভিষিক্ত ব্যাটসম্যান জাকির হাসান ৯ রানে ও লিটন দাস ২৪ রানে অপরাজিত আছেন।
শান্তর গোল্ডেন ডাক, হতাশ করলেন ইয়াসিরও
এমন শুরু নিশ্চয়ই চায়নি বাংলাদেশ। ভারতের করা ৪০৪ রানের জবাব দিতে নেমে ৫ রান তুলতেই নেই ২ উইকেট।
ইনিংসের প্রথম বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সিরিজে দ্বিতীয়বারের মতো নাজমুল হোসেন শান্ত আউট হলেন প্রথম বলে। মিরপুরে দুই দলের প্রথম ওয়ানডেতে দীপক চাহারের বলে গোল্ডেন ডাক পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। আজ তাকে একই দুঃস্মৃতি দিলেন পেসার মোহাম্মদ সিরাজ। দুইবারই অফস্টাম্পের বাইরের দারুণ ডেলিভারীতে ব্যাট সরাতে পারেননি শান্ত। এবার উইকেটের পেছনে রিশভ পান্ত ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন।
তিনে নেমেছিলেন ইয়াসির। সিরাজের বলে অনড্রাইভে রানের খাতা খোলা এ ব্যাটসম্যানের আজ ছিল বড় কিছু করার সুযোগ। কারণ তার দলে জায়গা নিয়মিত হয় না। ইনিংসের মধ্যভাগে কেউ ইনজুরিতে পড়লেই তাকে বিবেচনা করা হয়। কিন্তু দারুণ সুযোগটি নষ্ট করেছেন এ ব্যাটসম্যান। পেসার উমেশ যাদবের বলে আলগা শট খেলতে গিয়ে ইনসাইড এজ হন ৪ রান করা ইয়াসির। বল যতটা উঠার কথা ছিল ততটা উঠেনি। কিন্তু ইয়াসির বলের জায়গায় ব্যাটও চালাননি। তার ব্যাটে লেগে বল আঘাত করে লেগ স্টাম্পে।
চারে ব্যাটিংয়ে নেমেছেন লিটন দাশ। অভিষিক্ত জাকিরকে নিয়ে লিটন প্রতিরোধ গড়তে না পারেন কিনা সেটাই দেখার।
এর আগে ভারত আগের দিনের ২৭৮ রানের সঙ্গে ১২৬ রান যোগ করে। ৪০৪ রানের পুঁজি পেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।

কোন মন্তব্য নেই