সমবায়ভিত্তিক অর্থনীতি গড়বে আত্মনির্ভর বাংলাদেশ: ড. ইউনূস
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সমবায়ভিত্তিক অর্থনীতিতেই আত্মনির্ভর বাংলাদেশ গড়ার পথ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
টাইমস এক্সপ্রেস ২৪ |
১ নভেম্বর ২০২৫, সকাল ১০:৫৩
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান ও কুটিরশিল্পে সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন সম্ভব।
শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমেই আমরা আত্মনির্ভর বাংলাদেশ গড়তে পারব।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ অনায়াসে করা সম্ভব। সমবায় সমিতিগুলো কেবল আর্থিক প্রতিষ্ঠান নয়; তারা সমাজের নানা সমস্যা সমাধানেও ভূমিকা রাখে।”
ড. ইউনূস উল্লেখ করেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই। তিনি আহ্বান জানান—
“আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”
প্রধান উপদেষ্টা জাতীয় সমবায় দিবস উপলক্ষে সব কর্মসূচির সফলতা কামনা করেন।
কোন মন্তব্য নেই