সরকারকে হুমকি দিয়ে চিঠি পাঠানো মার্কিন কর্মকর্তার নাম বললেন ইমরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সরকারকে হুমকি দিয়ে চিঠি পাঠানো মার্কিন কর্মকর্তার নাম বললেন ইমরান


পার্লামেন্টে অনাস্থা ভোটের কার্যক্রম ব্যাহত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে হুমকি দিয়ে চিঠি পাঠানো মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করেছেন। রোববার ইমরান খান ওই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করেন।


সাবেক এমপিদের সাথে বৈঠক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে জনসমক্ষে তথ্য প্রকাশ করেছেন ইমরান খান। এ সময় তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও শান্ত দেখাচ্ছিল। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একজন দূতের পক্ষ থেকে তাকে হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে। ইমরান খান জানান, যুক্তরাষ্ট্রের হুমকিদাতা দূত হচ্ছেন ডোনাল্ড লিউ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সাথে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে।


ইমরান খান আরো বলেন, তার দল থেকে যে সমস্ত এমপি পক্ষত্যাগ করে চলে গেছেন তারা গত কিছুদিন ধরে বারবার ইসলামাবাদের মার্কিন দূতাবাসে যাওয়া-আসা করতেন। মার্কিন দূতাবাসের লোকজনের সাথে দফায় দফায় সাক্ষাৎ এবং ওঠা-বসার পর তারা পিটিআই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


অভিযুক্ত ওই মার্কিন কর্মকর্তা এখন ভারতে অবস্থান করছেন। ভারত সফররত এ মার্কিন কর্মকর্তাকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করেছেন যে তিনি কি ইমরান খান ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিনা এবং হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন কিনা। এমন প্রশ্নের জবাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ তার দায় স্বীকার করেননি। তিনি আরো বলেছেন, তিনি পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনকে সমর্থন করেন ও শ্রদ্ধা করেন।

কোন মন্তব্য নেই