নির্বাচনী কাজে বিএনসিসি মোতায়েন বাতিল
(বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত নির্দেশনায় জানানো হয়েছে, ভোটকেন্দ্রে নয়—ভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন বিএনসিসি ক্যাডেটরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রের পরিবর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বিএনসিসি ক্যাডেটরা।
এছাড়া, ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে পাঁচটি পৃথক সেকশনে দায়িত্বে থাকবেন তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা সমীচীন নয়। এতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ই বিতর্কের মুখে পড়তে পারে।
বিএনপির এই আপত্তি ও দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বিএনসিসি ক্যাডেট মোতায়েন সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন নির্দেশনা জারি করেছে।
কোন মন্তব্য নেই