বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াল



বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে স্বর্ণের দাম। ডলারের দুর্বলতা, সুদের হার কমার প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের ফলে মূল্যবান ধাতুটির দাম ৫ হাজার ডলারের ঘর অতিক্রম করেছে। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৪৪ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। একই দিনে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৬৭ ডলারে পৌঁছায়।

এর আগের দিন মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা ২০০৮ সালের নভেম্বরের পর সর্বোচ্চ দৈনিক উত্থান। গত বৃহস্পতিবার স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, ইয়েন ছাড়া অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দরপতন স্বর্ণের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ। ডলার দুর্বল হলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে, ফলে চাহিদা বৃদ্ধি পায়।

এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান নিয়ে তুলনামূলক নমনীয় প্রত্যাশা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদের পাশাপাশি স্বর্ণের দিকেও ঝুঁকতে উৎসাহিত করছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ব্যয় চুক্তির ফলে যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য দীর্ঘমেয়াদি অচলাবস্থা এড়ানো গেছে, যা বাজারে স্বস্তি ফিরিয়েছে।

তবে জানুয়ারির বহুল প্রতীক্ষিত কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ স্থগিত থাকায় বিনিয়োগকারীরা এখন দীর্ঘমেয়াদি ট্রেজারি ইল্ড ও ইল্ড কার্ভের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন। বাজারের ধারণা, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

রয়টার্সের কারিগরি বিশ্লেষক ওয়াং তাও বলেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আগামী দিনে ৪ হাজার ৯৫০ ডলার থেকে ৫ হাজার ১৯৮ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে।

  • স্পট রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে, যদিও গত সপ্তাহে এটি সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলার ছুঁয়েছিল।

  • স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ২৬০ দশমিক ৫০ ডলার হয়েছে।

  • প্যালাডিয়ামের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮২ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।

কোন মন্তব্য নেই