ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২, আহত শিশু সহ বহুজন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২, আহত শিশু সহ বহুজন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২, আহত শিশু সহ বহুজন



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) রাতের এ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং দুই বছরের একটি শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়া একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন ধরে যায়, ভবনটি পরে ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন ওই ভবনের বাসিন্দা ছিলেন।

ক্লিচকো আরও জানান, দিনিপ্রো জেলা এলাকায় আরেকটি ভবনে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ ঘটনায় ১০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি ও দারনিতস্কি জেলাতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ভবন।

ভোরে অন্তত চারটি জেলায় একযোগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাজধানীর বাইরেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার জানান, ইজমাইল শহরে ড্রোন হামলায় বন্দর ও জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে।

একই সময়ে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়।

এর আগে সোমবার রুশ বাহিনীর হামলায় চেরনিহিভ প্রদেশের বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। হামলার লক্ষ্য ছিল চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কোম্পানি চেরনিহিভোব্লেনেরর্গোর তথ্যমতে, হামলায় কেন্দ্রটি গুরুতর ক্ষতির মুখে পড়েছে।

চেরনোবিল থেকে ৪৫ কিলোমিটার দূরের শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ জানান, সোমবারের হামলার পর থেকে শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে শীত মৌসুমের আগেই রুশ বাহিনী নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে।

বর্তমানে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানি সরবরাহ চালু রাখা হয়েছে এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মেরামতকাজে নিয়োজিত রয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, আসন্ন শীতে জনদুর্ভোগ কমাতে দেশটি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে প্রায় ২০০ কোটি ডলারের তরল গ্যাস (LNG) আমদানি করছে।

তবে বুধবারের হামলা সম্পর্কে মন্তব্য জানতে রয়টার্স রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

কোন মন্তব্য নেই